টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

অতিরিক্ত গরমে বিপর্যস্ত জনজীবন

আপলোড তারিখঃ 2026-04-05 ইং
টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ছবির ক্যাপশন:

প্রতিবছরই চুয়াডাঙ্গার তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় তুলনামূলকভাবে বেশি থাকে, এবারের পরিস্থিতিও তার ব্যতিক্রম হয়নি। টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রার প্রভাবে জেলার খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষ পড়েছে বিপাকে। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেনা কেউই।


জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩ এপ্রিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, গতকাল শনিবার দুপুর ১২টায় ৪ ডিগ্রি কমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কমলেও গরমের প্রভাব কমেনি বলে জানিয়েছেন জেলাবাসী। ভ্যাপসা গরমের সঙ্গে বাতাসে যেন আগুনের তাপ অনুভূত হচ্ছে, জানান তারা।


চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় তাপমাত্রা কম থাকলেও দুপুর ৩টায় তা ৩ ডিগ্রি বেড়ে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। তবে সন্ধ্যা ৬টায় তাপমাত্রা একই থাকলেও বাতাসের আর্দ্রতা ৫৩ শতাংশে পৌঁছায়। তাপমাত্রার এই হ্রাস-বৃদ্ধির ফলে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের অবস্থা হাসফাসের মতো।


জেলার প্রবীন সামাদ আলী বলেন, আমার জীবনদশায় চুয়াডাঙ্গায় শীত ও গরমের তাপমাত্রা বরাবরই বেশি পেয়েছি। এই গরমে বাইরে বের হওয়া খুবই কষ্টসাধ্য।


ঘাস বিক্রেতা রশিদ বলেন, এই কয়েকদিন খুব গরম পড়ছে। জীবিকার তাগিদে বাইরে আসতেই হয়। তবে চুয়াডাঙ্গায় প্রতিবছরই এমন গরম থাকে। এই রোদ-গরমের মধ্যে ভ্যানে ফেরি করে ঘাস বিক্রি করি।


শিক্ষার্থী লিমন বলেন, আমার বাসা গ্রামে। শহরে পড়তে আসলে গ্রাম-শহরের তাপমাত্রার পার্থক্য বুঝতে পারি। গ্রামে এতটা গরম অনুভব করি না। হয়তো সেখানে অনেক গাছপালা থাকায় পরিবেশটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, এখন এ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি এপ্রিল মাসের শুরুতেই তাপমাত্রা বাড়ছে। গেল তিন দিন এ জেলায় তাপমাত্রা দেশের সর্বোচ্চ হয়েছে। সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)