ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো যন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও পান্না আক্তার বলেন, ‘আপনারা যারা বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন, তারা সকলেই সঠিকভাবে নিজ নিজ জমিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করবেন। আপনাদের উপর নির্ভর করে দেশের কৃষি সম্প্রসারণ দপ্তরের কাজের মূল্যায়ন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল, মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, সার ব্যবসায়ী আব্দুল্লাহ আল নুর ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি খরিপ মৌসুমে মোট ৮ হাজার ৩৫৪ জন কৃষককে সহায়তা দেওয়া হবে। এর মধ্যে উফশী আউশ চাষে ৭ হাজার ৫০০ জন, পাট চাষে ৬০০ জন, গ্রীষ্মকালীন মুগ চাষে ২০০ জন, গ্রীষ্মকালীন তিল চাষে ৫০ জন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো যন্ত্র পাচ্ছেন ৪ জন কৃষক।
প্রণোদনার আওতায় উফশী আউশ চাষের জন্য প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। পাট চাষের জন্য ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এ ছাড়া মুগ চাষে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং তিল চাষে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। পেঁয়াজ সংরক্ষণের জন্য নির্বাচিত ৪ কৃষককে প্রত্যেককে একটি করে এয়ারফ্লো মেশিন দেওয়া হবে।
