ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গ্রীষ্মকালীন তিল, মুগ ডাল এবং উফশী আউশ ধানের আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা হিসেবে এসব কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার মোট ১ হাজার ৭০০ জন প্রান্তিক কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১০০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার; ১০০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার ৫০০ জন আউশ চাষিকে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ভোজ্যতেল ও ডাল জাতীয় শস্যের উৎপাদন বৃদ্ধিতে তিল ও মুগ চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে।
