ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালের দুটি বাচ্চা উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করেছে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল বুধবার স্থানীয় এক কৃষক প্রথমে বাচ্চা দুটির সন্ধান পান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সংগঠনটির নজরে আসে। স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বাচ্চা দুটির একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করলে সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু তার সঙ্গে যোগাযোগ করেন।
পরে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। সেই সাথে ঝিনাইদহ সদর বন কর্মকর্তা মো. জাকির হোসেন ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বন কর্মকর্তা আতা এলাহীকে বিষয়টি অবহিত করা হয়। উদ্ধারকৃত বাচ্চা দুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের পাওয়া স্থানের কাছাকাছি একটি পুকুরপাড়ে নিরাপদে রেখে দেওয়া হয়, যাতে মা মেছো বিড়াল এসে তাদের নিয়ে যেতে পারে। সংগঠনের সদস্যরা নিরাপদ দূরত্বে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সংগঠনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে মেছো বিড়ালের গুরুত্ব ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। বক্তারা জানান, মেছো বিড়াল কৃষকের বন্ধু হিসেবে পরিচিত। এটি ইঁদুর ও ক্ষতিকর প্রাণী খেয়ে ফসল রক্ষা করে এবং জলাশয়ের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। সংগঠনের সভাপতি বলেন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা মেছো বিড়ালের গুরুত্বপূর্ণ আবাসস্থল। তবে মানুষের ভুল ধারণা ও আক্রমণের কারণে প্রাণীটি বর্তমানে হুমকির মুখে রয়েছে।
তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মেছো বিড়াল হত্যা বা আটক করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। এসময় সংগঠনের সদস্য সাহাবুল হোসেন, নীরব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে গোবিন্দপুর গ্রামে চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে মেছো বিড়াল সংরক্ষণ বিষয়ে লিফলেট বিতরণ করা।
