ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি তেলবাহী লরি ট্রাকসহ বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গার বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল ও সঙ্গীয় এএসআই মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নিয়মিত রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গত রোববার রাত আড়াইটার দিকে কয়রাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভালাইপুর-হাটবোয়ালিয়াগামী সড়কের পাশে মো. টিটন আলীর (৩৭) তেল, চাল ও ভুষিমালের দোকানে একটি তেলবাহী লরি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে অবৈধভাবে ব্যারেলে জ্বালানি তেল আনলোড করতে দেখা যায়।
এসময় পুলিশ সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করলে লরিতে থাকা তেলের পরিমাণ সম্পর্কে জানা যায়, সেখানে ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং মোট ৮ হাজার ৭০০ লিটার পেট্রোল (লরির ডিপ ও ব্যারেলসহ) ছিল। আসামিরা তেল মজুতদর বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে লরি ট্রাকসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়ের উদ্দেশ্যে তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে তেল মজুদ করছিল।
এ ঘটনায় জড়িত আরও ২ জন আসামি পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জ্বালানিসহ আটক ব্যক্তিরা হলেন- তেল মজুদকারী ব্যবসায়ী আলমডাঙ্গা উপজেলা কয়রাডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে টিটন আলী (৩৭), ট্রাক চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আলী হোসেন (৫৩) গাড়ি হেলপার পীরপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রায়হান (২৮) ও দৌলতদিয়ার এলাকার মৃত আবু হোসেনের ছেলে মোজাম হোসেন (৫০)
