পহেলা এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা সভায় সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2026-03-30 ইং
পহেলা এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী পহেলা এপ্রিল থেকে মোটরসাইকেলে তেল কিনতে হলে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে কনটেইনার বা জারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ (আজ ও কাল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড সংগ্রহ করতে সংশ্লিষ্ট মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।


তিনি আরও জানান, ১ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ড দেখিয়ে মোটরসাইকেলে তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা হবে না। কোনো পাম্প কর্মচারী অনিয়ম বা অনৈতিক কাজে জড়িত থাকলে তার দায়ভার সংশ্লিষ্ট পাম্প মালিকদের নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।


সভায় জানানো হয়, জেলায় মোট ২২টি তেল পাম্প রয়েছে এবং আগামী সোমবার (আজ) থেকে সব পাম্পে একযোগে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম চালু থাকবে। এদিকে কৃষকদের জন্য বিশেষ সুবিধা রেখে বলা হয়েছে, তারা দিন-রাত ২৪ ঘণ্টা পাম্প থেকে ডিজেল সংগ্রহ করতে পারবেন। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত পুলিশ ও সাংবাদিকদের জন্য চুয়াডাঙ্গার দুটি নির্দিষ্ট পাম্প থেকে তেল নেওয়ার সুযোগ রাখা হবে। প্রতিটি উপজেলায় জরুরি সেবার জন্য একটি করে পাম্প নির্ধারণ করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।


জেলা পুলিশ সুপার রুহুল কবীর খান বলেন, ‘আগামীকাল ৩০ মার্চ থেকে জেলায় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় তেল পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।


সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)