ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়ান্স-২৩ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিনভর চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে (চাঁদমারি মাঠে) টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দলের জমজমাট লড়াই শেষে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ভিক্টোরি হান্টার্স এবং মাইটি ভিক্টোরিয়ান্স ফাইনালে মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে মাইটি ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক, চ্যানেল আই ও জনকণ্ঠের চুয়াডাঙ্গা প্রতিনিধ রাজীব হাসান কচির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল ও সংগঠক এইচ এম মোস্তফা।
আলোচনা সভা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইসলাম রকিব। এর আগে গত ২৪ মার্চ মঙ্গলবার ভিক্টোরিয়ান্স-২৩ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫ এর উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু।
