ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। তিনি গত সোমবার চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ লাইন্সে আনুষ্ঠানিক পরিদর্শনে যান। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি অস্ত্রাগার, রিজার্ভ অফিস, আরআই অফিস, পুলিশ মেস, ফোর্সের ব্যারাক, মেহমানখানা, ওয়াশরুম, পুলিশ লাইন্স জামে মসজিদ, ডিপার্টমেন্টাল স্টোর এবং ক্লোথিং স্টোর পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পুলিশ সুপার মেসে উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন, ব্যারাকসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুযায়ী ফোর্সের ছুটি মঞ্জুর করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, আরআই, পুলিশ লাইন্স চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
