ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মাদক, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন। প্রশাসনের একার পক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। সুন্দর আলমডাঙ্গা গড়ে তোলার দায়িত্ব সকলের। আপনারা যারা জনপ্রতিনিধি বা বিভিন্ন দপ্তর প্রধান আছেন, মনে রাখবেন আমরা জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সামনে ঈদুল ফিতর, মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় উৎসব। এই পবিত্র মাসে যেন নির্বিঘ্নে জনগণ ঈদের নামাজ আদায় করতে পারে, এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে, সেদিকে পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।’
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গার থানার ওসি (অপারেশন) আলী হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খান, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, তবারক হোসেন, আসাদুল হক মিকা, আশিকুর রহমান ওল্টু, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম ও আলমডাঙ্গার ছাত্র সমন্বয়ক আহ্বায়ক আরাফাত হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
