ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভায়াগ্রা ও ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গত বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোশালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মেইন পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মাঠে মো. রফিকুল ইসলামের ঘাসের খেতের মধ্যে হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় আসামিবিহীন অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ ও ১৫২ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ৫৮ বিজিবির অধীনস্থ উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মেইন পিলার ৭১/৫-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাঠপাড়া গ্রামের পাকা রাস্তার পাশ থেকে হাবিলদার মো. ইছাববর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন অবস্থায় ২২৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
