ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রস্তাব রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
তিনি জানান, মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ম্যারাথন দৌঁড়ের আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উপ-কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করেন। সভায় জানানো হয়, ম্যারাথন দৌঁড়টি জেলার কুলপালা এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হবে। অংশগ্রহণকারীদের ভোর ছয়টার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে পিকআপ ভ্যানে করে কুলপালায় নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে দৌঁড় শুরু হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের গুগল ফর্মের মাধ্যমে অনলাইনে আগে থেকেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন কার্যক্রম আগামী ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত চালু থাকবে এবং অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও একটি মেডিকেল সাপোর্ট টিম থাকবে বলে সভায় জানানো হয়। এছাড়া জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। ম্যারাথন আয়োজনে ১৬ জন পরিচালকের একটি টিম, রোভার, স্কাউট সদস্য এবং ট্রাফিক বিভাগের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সভায় আরও জানানো হয়, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীকে ৭ হাজার টাকা, রানার্সা আপকে ৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারীর ফিনিশিংয়ের পাঁচ মিনিটের মধ্যে পরবর্তী প্রথম পাঁচজনকে ৫০০ টাকা করে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হবে।
ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম.তারিক উজ জামান বলেন, ‘এই ম্যারাথনের মূল উদ্দেশ্য সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ক্রীড়ামুখী মনোভাব গড়ে তোলা এবং সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা।’ এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আশফাকুর রহমান, মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ, আব্দুল্লাহ আল নাঈম, ফাহাদ চৌধুরী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীনসহ আরও অনেকে।
