ছবির ক্যাপশন:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বৃহত্তর জীবননগর উপজেলার উথলী শিয়ালমারি পশু হাট। ঈদ উপলক্ষে হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। পশুর দামও ভালো বলে জানাচ্ছেন ব্যবসায়ী ও খামারিরা। তাই পশু কিনতে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্য চলছে দর কষাকষি।
গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক উথলী শিয়ালমারি পশুহাটে গিয়ে দেখা গেছে, মাংসের জন্য উপযুক্ত গরু-ছাগলের চাহিদা বেশি। অনেকেই সমিতির গরু কেনার জন্য এসেছে। কসাইয়েরা ঈদের আগে মাংস বিক্রির জন্য উপযুক্ত গরু-ছাগল পছন্দ করছে। জীবননগর উপজেলার উথলী গ্রামের ব্যবসায়ী লিটন হোসেন বলেন, গত কয়েকদিনের তুলনায় এখন গরু-ছাগলের দাম তুলনামূলক বেশি। আজকে হাটে তিনটি গরু এনেছিলাম বিক্রির জন্য। ৮ হাজার টাকা করে লাভে দুটি বিক্রি করেছি। আরেকটা গরুর আশানুরূপ দাম না হওয়ায় বিক্রি করিনি। আগামী হাটে বিক্রি করব।
গরু কিনতে আসা আনু ব্যাপারি বলেন, এই হাটে অনেক গরু আসে। পছন্দ মতো বিভিন্ন সাইজের গরু কিনতে পারা যায়। দুটি ট্রাকে এখান থেকে ৪০টি গরু কিনে ঢাকার বিভিন্ন পশু হাটে বিক্রি করা হবে। ঈদের আগে আর এই হাটে আসা হবে না।
হাকিম আলী বলেন, মাংসের সমিতির জন্য ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে একটি গরু কিনতে এসেছি। আমাদের পছন্দের গরু গুলো ২ লাখ ৫০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ছাগল কিনতে আসা মাহাবুব আলম বলেন, গত হাটের তুলনায় আজকে ছাগলের দাম বেশি চাচ্ছে।পছন্দমতো ছাগল দামে সেট হলে কিনবো।
