ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে কাঠের গোলা থেকে কাঠ চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে বাজারের নাইট গার্ডরা। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সরোজগঞ্জ বাজারের সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সকাল ৭টার দিকে কেদারগঞ্জ বাজার থেকে তাকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির নাম রাজিবুল ইসলাম (৩২)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ গ্রামের আকবর আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরোজগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরেই কয়েকটি কাঠের গোলা থেকে কাঠ চুরি হচ্ছিল। গত মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি কাঠের গোলা থেকে কাঠ সরিয়ে নেওয়ার সময় বাজারের নাইট গার্ডদের সন্দেহ হয়। পরে ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি আসাদুল মিয়া বলেন, রাতের অন্ধকারে কাঠ চুরি করার সময় নাইট গার্ডরা তাকে হাতেনাতে আটক করে। পরে সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকাল ৭টার দিকে আটক যুবককে সরোজগঞ্জ ক্যাম্প ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফাঁড়ির এসআই ছদরুল রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সরোজগঞ্জ বাজারে মাঝেমধ্যে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তারা বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
