গাংনীতে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

আপলোড তারিখঃ 2026-03-11 ইং
গাংনীতে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলায় ভিজিএফের চাল বিতরণ ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু (৫৫), ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন কালু, শালদহ গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ (২৫), একই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে খাইরুল ইসলাম (৩৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে বকুল হোসেনসহ (৪০) অন্তত ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে কড়ইগাছি মোড়ে অবস্থান নেন। অন্যদিকে রাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের সমর্থকরাও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পর রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে দিয়ে ইউপি সদস্য সারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তবে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও তাঁর সমর্থকরা দাবি করেন, সারগিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং ভিজিএফের চালসহ বিভিন্ন সরকারি সুবিধা নিজের লোকজনের মধ্যে বণ্টন করছেন।
এই অভিযোগের প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিএনপির একটি পক্ষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষে রূপ নেয়।


প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, সোমবার থেকেই আমরা খবর পাচ্ছিলাম আলফাজ উদ্দিন কালুর লোকজন ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর করতে পারে। মঙ্গলবার সকালে আমরা ইউনিয়ন পরিষদে গেলে দেখি তারা কে এ বি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে। পরে তারা স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায়।


গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু বলেন, ভিজিএফের চাল থেকে এলাকার অনেক গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। এসব চাল নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হচ্ছে। বিষয়টি জানার পর আমরা এখানে আসি। এ সময় প্যানেল চেয়ারম্যানের লোকজন আমাদের ওপর হামলা চালায়।


উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক বলেন, আমরা চাই ভিজিএফের চালের সুষ্ঠু বণ্টন হোক। যারা বঞ্চিত হয়েছে তারা প্রতিবাদ জানাতে এসেছে। আমরা কোনো সংঘর্ষ চাইনি।
গাংনী থানার পরিদর্শক (ওসি) উত্তম কুমার দাশ বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)