দামুড়হুদায় মাজারের জমিতে গাছ কাটার অভিযোগে আটক ৪

আপলোড তারিখঃ 2026-03-11 ইং
দামুড়হুদায় মাজারের জমিতে গাছ কাটার অভিযোগে আটক ৪ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে ডিসি ইকোপার্ক সংলগ্ন একদিল শাহের মাজার এলাকার বাগানের গাছ জোরপূর্বক কাটার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নাটুদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ ঘটনায় একইদিন চন্দ্রবাস গ্রামের মৃত মওলা বকসের ছেলে বাহালুল হক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আটক ব্যক্তিরা হলেন- কুতুবপুর গ্রামের সূরত আলী মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৬৫), আব্দুল মজিদের ছেলে ওসমান (৪৫), চুয়াডাঙ্গা সদরের কোর্টপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে বকুল (৫১) এবং মুক্তিপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে করিমুজ্জামান (৫৫)। অভিযোগ সূত্রে জানা যায়, শিবনগর মৌজার আরএস ২৯০ নম্বর খতিয়ানভুক্ত ২৯০-২৯৫ দাগে বাহালুল হকের প্রায় ৫ একর ৮৫ শতক জমি রয়েছে। ওই জমিতে মেহগনি, লম্বু, টিকচাম্বুল, আমসহ বিভিন্ন প্রজাতির গাছের বাগান রয়েছে।


বাদীর অভিযোগ, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কে বা কারা তার বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি কয়েকজনকে গাছ কাটতে দেখেন। এ সময় তাদের কাছে কারণ জানতে চাইলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কুপিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যান। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা বাগান থেকে ১৫টি মেহগনি গাছ (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা), ৫টি লম্বু গাছ (১ লাখ টাকা), ১৮টি টিকচাম্বুল গাছ (৪ লাখ ৫০ হাজার টাকা), ২টি একাশি গাছ (১ লাখ টাকা) এবং ৭০টি বাঁশ (২৮ হাজার টাকা) কেটে নিয়ে গেছে। এছাড়া আমগাছসহ বিভিন্ন গাছের ডাল কেটে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করেছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, গাছ কাটার ঘটনায় ১০ জনের নামে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে চারজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)