ছবির ক্যাপশন:
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি রউফুন্নাহার রিনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি ও সামাজিক উন্নয়নে নারীদের অবদান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ গঠনে নারীর সমঅধিকার ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অবহেলা বন্ধ করে তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারীরা যদি শিক্ষা ও দক্ষতায় এগিয়ে যায়, তবে দেশ ও সমাজও সমানতালে এগিয়ে যাবে।
শরীফুজ্জামান নারী নেত্রীদের উদ্দেশে বলেন, রাজনীতিসহ সামাজিক কর্মকাণ্ডে নারীদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল ও সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন। আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বন্নীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, মহিলা দলের নেত্রী রহিম বেগমসহ মহিলা দলের সকল ইউনিট পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
