ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বেল্টু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বেল্টু মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ দণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের এই ধরনের অভিযান সমাজে সচেতনতা সৃষ্টি করছে এবং মাদকদ্রব্যের অপব্যবহার কমাতে কার্যকর ভূমিকা রাখছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
