ছবির ক্যাপশন:
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর, ঝিনাইদহ ও মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মানববন্ধন, সম্মাননা প্রদান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও ক্ষমতায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা:
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কোর্ট মোড় প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্বে করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সমাজ ও বিশ্ব সুন্দরভাবে বেড়ে উঠতে হলে নারীর ভূমিকা অতুলনীয়। একটি নবজাতক পৃথিবীর বুকে আসা মাত্রই মায়ের ভূমিকা শুরু হয়, এবং মা যদি এই সন্তানকে সঠিকভাবে তৈরি করতে পারে, তবে এই সন্তানই একদিন বিশ্বকে জয় করবে। পৃথিবীতে এই অবধি যত জ্ঞানী-গুণী মানুষ আছেন, তাদের প্রত্যেকের পিছনে তাদের মায়ের ভূমিকা আছে। যে সন্তান তার মায়ের শাসন-বারণ পায়নি, সে দুনিয়া জয় করতে পারেনি। ফলে দুনিয়াতে উন্নতি করার পেছনে নারীর ভূমিকা সবচেয়ে বেশি।’
সভায় আরও বক্তব্য দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন ‘সমাজে শিশু-কিশোরদের বেড়ে ওঠায় নারীদের যে ভূমিকা, সেই বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং এগুলো দেওয়া গেলে সমৃদ্ধ জাতি তৈরি হবে। বিভিন্ন ধর্মগ্রন্থে নারীদের স্থান অনেক উপরে। আমরা সেটা হয়তো বুঝতে পারি না, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে দিই না। নারীদের জাগ্রত করতে হবে লেখাপড়ার মাধ্যমে।’
তিনি আরও বলেন, মায়েদের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। শিশু-কিশোর একটু বড় হলেই মাদকাসক্ত হয়ে যায়। মায়েদের প্রতি আহ্বান থাকবে, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে এগুলো, তদারকি করা। আমরা চাই নারীরা আরও এগিয়ে যাক, এবং নারীদের হাত ধরেই দেশ ও জাতি সমৃদ্ধ হোক। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার এস.এস.এম আব্দুর রইফ শিবলু, কালচারাল অফিসার মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ, জেলা প্রাণিসম্পদ অফিসার শাহাবুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার পাল, জেলা শিক্ষা অফিসার জেসমিন আক্তার, তথ্য অফিসার শিল্পী মন্ডলসহ, বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।
আলমডাঙ্গা:
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, অদম্য নারী সম্মাননা প্রদান, প্রত্যাশা বোর্ডে আগামীর স্বপ্ন লেখা এবং অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গতকাল রোববার আত্মবিশ্বাস নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি বিশ্বব্যাংকের অর্থায়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়, আলমডাঙ্গার মাঠ তদারক কর্মকর্তা মোছা. শামীমা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্মবিশ্বাস সংস্থার পরিচালক মো. রফিকুল হাসান জোয়ার্দার, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা, মডেল পরিবেশ ক্লাবের সভাপতি মো. মোকলেসুর রহমান, সহসভাপতি মো. মোশারফ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও যুব নারী সদস্য, প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. আজিজুল হক, প্রকল্পের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। বক্তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে নারীদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে করণীয় বিষয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সংগ্রামী ও সফল নারীদের ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়। পরে প্রত্যাশা বোর্ডে নারী উদ্যোক্তারা নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন ও প্রত্যাশা লিখে প্রকাশ করেন। সবশেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দামুড়হুদা:
‘আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনের ( ভূমি) মো. শাহিন আলমের সভাপতিত্বে উপস্থিত বক্তারা নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধ, সমঅধিকার নিশ্চিতকরণ এবং ক্ষমতায়নকে উৎসাহিত করায় এই দিবসের উদ্দেশ্য, আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চের এ দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। যা নারীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অর্জনের সন্মান জানানোর এবং লিঙ্গ সমতা ও অধিকার আদায়ের লড়াইয়ে বেগবান করার একটি গুরুত্বপূর্ণ দিন। নারী দিবসে পুরুষের সহযোগিতা উল্লেখ করে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর তথা ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ার জন্য অঙ্গীকার করতে হবে । উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার এম ফাহিম ফয়সাল, মৎস্য অফিসার বিল্লাল হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল (তানজীর) প্রমুখ।
জীবননগর:
‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী অধিকার’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জীবননগরে আন্তজার্তিক নারী দিবস পালন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে রোববার বেলা তিনটায় জীবননগর উপজেলা পরিষদের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.তাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, জীবননগর পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক প্রমুখ।
উথলী:
জীবননগর উপজেলার উথলীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উথলী বাসস্ট্যান্ড এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সানমুন শিশু পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। উথলী ইউনিয়ন কৃষি মোর্চার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের প্রধান প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, প্রকল্প সমন্বয়কারী সোহরাওয়ার্দী শুভ, সহকারী উপজেলা সমন্বয়কারী হুমায়ন রশিদ পলাশ, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. সোহেল রানা, সাবেক মহিলা ইউপি সদস্য মরিয়ম খাতুন, স্কুলশিক্ষক নিজামুল হক, আরিফুল ইসলামসহ অনেকে।
মেহেরপুর:
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মেহেরপুরে। আজকের প্রতিপাদ্য বিষয় ও পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকারকে সামনে রেখে নারী ও কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমতার পথে অগ্রসর হওয়ার অঙ্গীকার নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল রোববার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নারী নেত্রীরা অংশগ্রহণ করেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোছা. নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঞ্জীব মৃধা, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনির, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা রোধ, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিতকরণ, আইনি সুরক্ষা জোরদার এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, নারীর অধিকার সুরক্ষিত না হলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আজকের এই পদক্ষেপগুলো আগামী প্রজন্মের জন্য ন্যায়বিচারের ভিত্তি রচনা করবে। অনুষ্ঠানে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শপথ গ্রহণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ ধরনের কর্মসূচি নারী অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
ঝিনাইদহ:
‘নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ। গতকাল রোববার সকাল ১০টা ১৫ মিনিটে শহরের পায়রাচত্বর এলাকায় আয়োজিত মানববন্ধনে সনাকের পাশাপাশি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এবং ইয়েস গ্রুপ-এর সদস্যরা অংশগ্রহণ করেন। সচেতন নাগরিক কমিটি ঝিনাইদহের সভাপতি এন. এম. শাহজালালের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি মো. আবু রাশেদ। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের জন্য ১৪ দফা সুপারিশ তুলে ধরে টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন সনাকের সদস্য আহমেদ হোসেন ও প্রভাতি সরকার। মানববন্ধনে বক্তব্য দেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ বিষয়ক এসিজির সমন্বয়ক মো. রুহুল আমিন, এম. আব্বাস উদ্দীন আহমেদ, আহমেদ হোসেন এবং সনাকের সভাপতি এন. এম. শাহজালাল। বক্তারা নারীর অধিকার ও সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সমাজের সব স্তরে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
