চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির টহল ও তল্লাশি জোরদার

আপলোড তারিখঃ 2026-03-08 ইং
চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির টহল ও তল্লাশি জোরদার ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সীমান্ত পথে পাচার ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান। 


বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় জনবল বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে দর্শনা আইসিপিসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।


বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা সীমান্ত পথে পাচারের অপচেষ্টা চালাতে পারে। এ আশঙ্কা মাথায় রেখে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দর্শনা আইসিপি গেটে দেশীয় ও ভারতীয় পণ্যবাহী যানবাহন ভারতগামী হওয়ার সময়ও বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।


এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হাসান বলেন, সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত পথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।


তিনি আরও জানান, নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)