ছবির ক্যাপশন:
দর্শনায় পুলিশ অফিসার পরিচয়ে এক প্রতারক রেশনের তেল বিক্রির কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা থানার সামনে এ ঘটনা ঘটে। তবে প্রতারকের দোকানে আসা থেকে যাওয়া পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং টাকা দেওয়ার ঘটনাটি থানার সিসিটিভি ক্যামেরায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী দর্শনা রেলবাজারের সোবহান স্টোরের মালিক রেজা সরকার জানান, সকাল ১০টার দিকে এক ব্যক্তি তার দোকানে এসে নিজেকে দর্শনা থানার অফিসার বলে পরিচয় দিয়ে রেশনের তেল বিক্রির কথা বলেন। প্রতারক দোকানিকে বলেন, তার কাছে ৮ কার্টুন ৫ লিটারের সয়াবিন তেল রয়েছে, সেগুলো তিনি বিক্রি করতে চান।
দোকানি মালিক রেজা সরকার বলেন, ‘আমি তাকে প্রথমে স্পষ্টভাবে বলেছিলাম, আপনি তেল নিয়ে আসেন, তারপর নগদ টাকা নিয়ে চলে যাবেন। কিন্তু সে (প্রতারক) জানায়, এত তেল একা নিয়ে আসা সম্ভব নয়। আপনি একজন ভ্যানচালক দেন, আমি তাকে সঙ্গে নিয়ে দর্শনা থানায় গিয়ে তেল নিয়ে আসবো। এরপর দর্শনা চালবাজার এলাকার ভ্যানচালক শামসুলকে সঙ্গে পাঠানো হয়। এরপর ভ্যানচালকের হাতে ৩০ হাজার টাকা দিয়ে ওই ব্যক্তির সঙ্গে দর্শনা থানার দিকে পাঠায়।’
ভ্যানচালক শামসুল জানান, প্রতারক ব্যক্তি তাকে দর্শনা থানার গেটের সামনে নিয়ে গিয়ে বলেন, স্যারদের সঙ্গে কথা বলে তেল নিয়ে আসছি, টাকাটা দেন। থানার গেটের সামনে থাকায় ভ্যানচালক শামসুল বিষয়টি স্বাভাবিক মনে করে টাকাগুলো তার হাতে তুলে দেন। এরপর ওই ব্যক্তি থানার গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং ভ্যানচালক বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাইরে বের না হলে শামসুলের সন্দেহ হয়। পরে তিনি থানার ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির কোনো সন্ধান পাননি। উপায়ান্তর না পেয়ে তিনি বাজারে ফিরে এসে দোকান মালিক রেজা সরকারকে বিষয়টি জানান।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, এর আগেও দর্শনা রেলবাজার এলাকায় একাধিক ঘটনা ঘটেছে। মাঝে মাঝেই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি ও প্রতারণার ঘটনা ঘটছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি। অন্যথায় এ ধরনের প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড আরও বাড়তে পারে।
এ বিষয়ে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন বলেন, প্রায়ই ঘটছে দর্শনা রেলবাজার এমন ঘটনা, বাজার ব্যবসায়ীদের আরও সতর্ক হতে হবে।
এ বিষয়ে দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
