বিয়ে বিচ্ছেদে ঝিনাইদহে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা!

নতুন বছরের দুই মাসে বিচ্ছেদ ৩২৫

আপলোড তারিখঃ 2026-03-04 ইং
বিয়ে বিচ্ছেদে ঝিনাইদহে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা! ছবির ক্যাপশন:

আসিফ কাজল, ঝিনাইদহ:
ঝিনাইদহে বিয়ে বিচ্ছেদ বা তালাকে ছেলেদের চেয়ে মেয়েরা আশঙ্কাজনক ভাবে এগিয়ে যাচ্ছে। ঠুনকো ও তুচ্ছ ঘটনায় মেয়েরা ছেলেদের হরহামেশা তালাক দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে ঠেকেছে যে, বিয়েশাদী এখন ছেলে খেলায় পরিণত হয়েছে। ঝিনাইদহ জেলা রেজিস্টার অফিসের পরিসংখ্যান থেকে জেলায় তালাক ও বিচ্ছেদের এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে।


প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০২৪ সালে জেলায় মোট বিয়ে হয়েছিল ৭ হাজার ৩২৭ জন ছেলে মেয়ের। এরমধ্যে তালাক হয় ৩ হাজার ১৭৭ জন দম্পতির। গেল ২০২৫ সালে মোট বিয়ে হয় ৮ হাজার ২৬ দম্পতির। এরমধ্যে বিচ্ছেদ বা তালাক হয়েছে ৩ হাজার ৯৮৪ জনের। ২০২৪ সালের চেয়ে ২০২৫ সালে ৮০৭ জনের বেশি তালাক হয়েছে। ২০২৩ সালেও তালাকে এগিয়ে ছিল নারীরা। ওই বছরে ১৭৪৬ জন নারী তালাকের আবেদন করেন। পক্ষান্তরে পুরুষ করে ৩৮৪টি।
ঝিনাইদহ জেলা রেজিস্টার অফিসের প্রধান সহকারী রবিউল ইসলাম মিন্টু জানান, ঝিনাইদহ জেলায় ২০২৫ সালে মোট বিয়ে হয় ৮ হাজার ২৬ দম্পতির। এর মধ্যে ঝিনাইদহ সদর ২৫৬৮, শৈলকুপায় ১৭৫৬, হরিণাকুণ্ডুতে ৯৯৮, কালীগঞ্জে ৬৫৭, কোটচাঁদপুরে ৪১৫ ও মহেশপুরে ১৬৩২ জনের বিয়ে হয়।


প্রাপ্ত তথ্যে জানা গেছে, গেল বছর জেলায় ৪০৪ জন পুরুষ বিচ্ছেদ বা তালাকের আবেদন করেন। পক্ষান্তরে নারীরা করেন ১৩৪৬টি আবেদন। এছাড়া উভয়পক্ষের সম্মতিতে তালাক হয়েছে ২২৩৪ জনের। গেল বছরের চেয়ে ২০২৬ সালের শুরুতের জেলায় তালাক বা বিচ্ছেদের মহামারি দেখা দিয়েছে। নতুন বছরের দুই মাসে ঝিনাইদহ পৌর এলাকায় ৩২৫ জন নারী তালাকের জন্য আবেদন করেছেন। পৌরসভার প্রধান সহকারী আবু বকর এ তথ্য নিশ্চিত করেন।
ঝিনাইদহ পৌরসভার কাজী হাফিজুর জানান, পুরুষরা তালাকের কারণ হিসেবে পরকীয়া ও স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া ও দুর্ব্যবহারের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে স্ত্রীর করা আবেদনে শাশুড়ি ও ননদের অত্যাচার, স্বামীর সন্দেহবাতিক মনোভাব, মাদকাসক্তি, নির্যাতন, যৌতুক, মানসিক পীড়ন ও ব্যক্তিত্বের সংঘাত উল্লেখ করা হয়েছে।


কাজী আতিকুর রহমান জানান, সবচেয়ে বেশি তালাক দিচ্ছেন বিদেশ থাকা স্বামীদের স্ত্রীরা। ২/৩টি সন্তানের মায়েরা জৈবিক চাহিদা মেটাতে স্কুল কলেজের ছাত্রদের সঙ্গে চলে যাচ্ছেন। এছাড়া মোবাইলে পরকীয়া ও শাশুড়ি-ননদের কারণে দীর্ঘদিনের সংসার ভেঙে যাচ্ছে।


পলিতাবেরুল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাসান মাহমুদ জানান, দেশের প্রচলিত আইন মতে স্বামী যদি স্ত্রীকে নিকাহনামার ১৮ নং কলামে ক্ষমতা প্রদান করেন তবেই স্ত্রী তাকে তালাক দিতে পারবেন, তাছাড়া স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন না। তিনি বলেন, সমাজে যেভাবে বিচ্ছেদের ঘটনা ঘটছে তার বেশির ভাগই শর্ত পূরণ হচ্ছে না। ফলে তালাক ও বিচ্ছেদ নিয়ে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে।
ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি অ্যাড. এস এম মশিয়ূর রহমান জানান, বর্তমান সমাজে পারিবারিক বন্ধন ভেঙে পড়েছে, কোন শাসন নেই। ফলে সন্তানের উপর অভিভাবকদের নিয়ন্ত্রণ কম। সন্তানরা কি করছে তা পিতামাতারা দেখছেন না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)