ঝিনাইদহে মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অপরাধীদের রাজনৈতিক শেল্টারের কোনো সুযোগ নেই

আপলোড তারিখঃ 2026-03-01 ইং
ঝিনাইদহে মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ছবির ক্যাপশন:

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হবে তাদের শুধু চাকরিই যাবে, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে জেল হাজতে নেওয়া হবে। কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। জনগণের জন্য বরাদ্দকৃত টাকা কড়াইগন্ডায় বুঝে নেওয়া হবে। কেউ যদি এক পায় পয়সা কমিশন বাণিজ্যও করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
আইনমন্ত্রী গতকাল শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আলী আজম মো. আবু কবর, সংসদ সদস্য মতিয়ার রহমান, সংসদ সদস্য আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলায় কর্মরত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, উন্নয়নমূলক কাজের কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রমাইজ করা হবে না। যদি কেউ সড়কসহ অবকাঠামো নির্মাণ কাজ নিম্নমানের করে তার লাইসেন্স বাতিল করা হবে। যদি কেউ কমিশন বাণিজ্য ও চাঁদাবাজি করতে চান, তবে আপনারা আমাকে জানাবেন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূলে সরকার ও বিরোধীদল এক সঙ্গে কাজ করবে।


আইন মন্ত্রী ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাজার থেকে শৈলকুপা পর্যন্ত রাস্তা নির্মাণের মান নিয়ে প্রশ্ন তোলেন ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই ঠিকাদারের লাইসেন্স ব্লাকলিস্ট করে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অসৎ ও দুর্নীতিবাজ ঠিকাদার আগামীতে যাতে কোনো কাজের কন্ট্রাক্ট না পায় সে ব্যবস্থাও নেব।


আইন মন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শহিদদের তাজা রক্তের বিনিময়ে আমরা একটা নির্বাচন পেয়েছি, একটা সরকার পেয়েছি। জুলাই শহিদদের অমর্যাদা হয় বা তাদের আত্মা কষ্ট পায় এমন কোনো কর্মকাণ্ড এই সরকার বরদাস্ত করবে না। জুলাই গণ-অভ্যুত্থানের আত্মসমর্পণকারী ও আহতদের অমর্যাদাও মেনে নেওয়া হবে না।


তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে আপনাদের সর্বোচ্চ কঠোর অবস্থান নিতে হবে। সড়ক ও অবকাঠামো নির্মাণে নিম্নমানের সামগ্রী সরবরাহ করলে ওই ঠিকাদারের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কোনো দপ্তর এই দায়িত্ব পালনে অবহেলা করেন তবে ওই দপ্তরের প্রধানের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে মামলা করা হবে।


গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা জড়িত তাদের আইনের ফাঁকফোকর দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও যারা আশ্রয় প্রশ্রয় দিবেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। অপরাধীদের রাজনৈতিক শেল্টারের কোনো সুযোগ দেওয়া হবে না। এছাড়া তিনি বিচারক সংকট, মামলাজট ও জুডিশিয়ারি কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান সমস্যা আইনের আওতায় সমাধান করা হবে বলে মন্তব্য করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)