উথলীতে বসন্তের আমেজ

গাছে গাছে আমের মুকুলে মৌ মৌ ঘ্রাণ

আপলোড তারিখঃ 2026-02-16 ইং
উথলীতে বসন্তের আমেজ ছবির ক্যাপশন:

ছয় ঋতুর দেশ বাংলাদেশে ঋতুচক্রের আবর্তনে এসেছে ঋতুরাজ বসন্ত। বসন্তের আগমনে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। পুরোনো পাতা ঝরে গিয়ে গাছে-গাছে জন্ম নিয়েছে কচি সবুজ পাতা। আর সেই সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে সোনালি রঙের আমের মুকুল। আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণে মুখর হয়ে উঠেছে উথলী এলাকা।


জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে এখন চোখে পড়ছে আমগাছে ভরা মুকুল। বসতবাড়ির আঙিনা, রাস্তার পাশ, পুকুরপাড়, ফসলের জমির আইল ও বাণিজ্যিক বাগান—সবখানেই আমগাছগুলো নতুন প্রাণ পেয়েছে। প্রকৃতিতে যেন মধুমাসের আগমনী বার্তা বইছে বাতাসে বাতাসে। এলাকায় বিশেষ করে হিমসাগর, তিলেবোম্বাই, ফজলি, ল্যাংড়া, আম্রপালি ও মল্লিকা জাতের আমগাছ বেশি দেখা যায়। আমের মুকুলে ভরে উঠতে শুরু করায় বাগান মালিক ও গাছের মালিকরা আশায় বুক বাঁধছেন ভালো ফলনের।


উথলী গ্রামের আমবাগান মালিক আকবার আলী জানান, তাঁর ৫ বিঘা জমিতে আম্রপালি জাতের আমগাছ রয়েছে। পাশাপাশি কিছু হিমসাগর গাছও আছে। ‘এবার গাছে খুব ভালো মুকুল এসেছে। মুকুল টিকিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা করছি, জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে,’ বলেন তিনি।


সেনেরহুদা গ্রামের তুহিন আলী জানান, তাঁর বাড়ির আঙিনা ও জমির আইলে কয়েকটি হিমসাগর জাতের আমগাছ রয়েছে। পারিবারিক চাহিদা মিটিয়ে প্রতিবছর কিছু আম বাজারে বিক্রি করেন। তিনি বলেন, ‘প্রতিবছর ভালো মুকুল আসে, এবারও এসেছে। তবে গুটি অবস্থায় অনেক আম ঝরে পড়ে। তাই কৃষি কর্মকর্তার পরামর্শে এখন থেকেই গাছের যত্ন নিচ্ছি।’


মৃগমারী গ্রামের লিটন হোসেন বলেন, ‘এবার আগেভাগেই গাছে অনেক মুকুল এসেছে। তবে এই সময়টা খুব ঝুঁকিপূর্ণ। ঘন কুয়াশা, ঝড়বৃষ্টি বা রোগবালাই হলে মুকুল ঝরে যেতে পারে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। আমের গুটি শক্ত হওয়া পর্যন্ত এমন আবহাওয়া থাকলে ভালো লাভবান হওয়া যাবে।’


স্থানীয়রা জানান, মুকুল আসার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরাও সক্রিয় হয়ে উঠেছেন। অনেক ব্যবসায়ী ইতোমধ্যে বাগান মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কেউ কেউ আগেভাগেই বাগান বিক্রি করে দিয়েছেন বলেও জানা গেছে। বসন্তের এই আমেজে উথলীর প্রকৃতি এখন যেন রঙ, গন্ধ আর আশার এক অপূর্ব মেলবন্ধন। আমের মুকুলে ভরা গাছগুলো জানিয়ে দিচ্ছে- আর কদিন পরেই আসছে রসাল আমের মৌসুম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)