ছবির ক্যাপশন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পুলিশ সুপার বলেন, নির্বাচনে ভোট প্রদান নিয়ে কোনো ধরনের বাধা-বিঘ্ন সৃষ্টি বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার ভয়ভীতি, সন্ত্রাস, সহিংসতা কিংবা অনিয়ম বরদাস্ত করা হবে না। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন- সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সভায় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘আপনারা নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।’
তিনি জানান, নির্বাচন চলাকালীন প্রতিটি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ, আনসার ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যাতে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। এসময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার হাটবোয়ালিয়া বাজার এলাকার দুটি ভোটকেন্দ্র- হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
