ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বক্তব্যে তিনি বলেন, একটি বৈষম্যহীন দেশ, মানবিক মর্যাদা ও সুবিচারভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য ১৯৭১ সালে সংগ্রাম হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আসন্ন নির্বাচনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের ভোটাধিকার রয়েছে। এ অধিকার যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের অবহিত করা হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের একটি দায়িত্বশীল ও সঠিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, ভোটের দিন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, জেলা সভাপতি আলমগীর হোসেন, এনসিপির সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান টিটন, জেলা আইনবিষযক সম্পাদক দারুস সালাম, জামায়াতের আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা পৌরসভার আমির হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম প্রমুখ।
