ছবির ক্যাপশন:
বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার উদ্যোগে নান্দবারব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এসব সামগ্রী হাতে তুলে দেন। নতুন পোশাক ও স্কুল ব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির টুলু, আসমানখালী ক্যাম্পের ইনচার্জ ফিরোজ আহমেদ, ক্যাম্পের উপ-পরিদর্শক শাহরিয়ার তপু, মানবাধিকার কর্মী চঞ্চল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ বলেন, ‘আমরা অসহায় মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজন পূরণে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির টুলু এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, মানবাধিকার কমিশনের এই সহায়তা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে। তিনি সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
