ছবির ক্যাপশন:
‘দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী হাসানুজ্জামান সজিব। গতকাল রোববার তিনি দর্শনা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন। এসময় তিনি পৌর এলাকার প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাহী সদস্য মুফতি আব্দুস সালাম, দর্শনা থানা সভাপতি ডা. কায়দার আলী, দর্শনা পৌর সভাপতি ক্বারী কামরুজ্জামানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—জনগণ আদর্শভিত্তিক, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করে।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রার্থী হাসানুজ্জামান সজিব বলেন, দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হলে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নৈতিক মূল্যবোধভিত্তিক রাজনীতি গড়ে তুলতে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
গণসংযোগ চলাকালে সাধারণ ভোটাররা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হাসানুজ্জামান সজিব।
