দর্শনায় বিএনপি-জামায়াতের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ

উভয় পক্ষের ৫ জন আহত

আপলোড তারিখঃ 2026-02-08 ইং
দর্শনায় বিএনপি-জামায়াতের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা থানার উজ্জলপুর গ্রামে একটি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।


আহতদের মধ্যে ধানের শীষের সমর্থক হিসেবে পরিচিত উজ্জলপুর গ্রামের মৃত আকবার মণ্ডলের ছেলে মজিবার রহমান (৫৫), মান্দার আলীর ছেলে ১৬ পারার হাফেজ জুনায়েত হোসেন (১৫) ও মনিরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২১) রয়েছেন। অপরদিকে জামায়াত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থক হিসেবে আহত হয়েছেন দক্ষিণ চাঁদপুর গ্রামের খোদা বক্সের ছেলে মেহেদী হাসান (৪০) এবং দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার জয়নাল হোসেনের ছেলে হাসান তারেক (৩২)।


ধানের শীষের কর্মী মিলন মিয়া অভিযোগ করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমরা ধানের শীষের পক্ষে একটি মিছিল নিয়ে বিলপাড়া হয়ে গ্রাম ঘুরে দাঁড়িপাল্লার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় আমাদের মিছিল নিয়ে কটূক্তি করা হয়। পরে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হলে আমরা নিজেদের অফিসে ফিরে যাই। পুলিশ এসে পরিস্থিতি দেখে চলে যায়। পরে জামায়াতের কয়েকজন কর্মী মোটরসাইকেল নিয়ে এসে আমাদের অফিসের সামনে হামলা চালায় এবং হাফেজ জুনায়েতকে মারধর করে। তাদের হাতে স্টিলের রড ছিল।


অন্যদিকে দাঁড়িপাল্লার সমর্থক ও দর্শনা পৌর জামায়াতের আমির সাইকুল ইসলাম অপু বলেন, ধানের শীষের কর্মীরা আমাদের অফিসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। একপর্যায়ে তারা বাঁশ নিয়ে হামলার চেষ্টা করলে আমি সেগুলো কেড়ে নিয়ে ফেলে দিই। তবুও ধস্তাধস্তির মধ্যে আমাদের দুই কর্মী আহত হন।


এ বিষয়ে দর্শনা থানার ওসির মেহেদী হাসান বলেন, ঘটনার পর উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করা হয়েছে এবং অভিযোগগুলো জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)