ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক চোরাচালান ও সীমান্ত নিরাপত্তা অভিযানে ভারতীয় ইমিটেশনের কসমেটিকস ও ওষুধ উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ৫৮ বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের মো. জুয়েলের লিচু বাগানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. জামাল উদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ভারতীয় ইমিটেশনের বিভিন্ন কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
অপর দিকে, গতকাল বৃহস্পতিবার ভোরে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৪/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকরাইল গ্রামের রাস্তার পাশ থেকে হাবিলদার মো. সায়াদ আলীর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১ হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন সকালে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠে মো. কবিরের ভুট্টাক্ষেত থেকে নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
এদিকে, একই দিন সকালে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৬-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীরবেড় গ্রামের মো. আব্দুল মান্নানের মেহগনি বাগানের পাশে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে মো. রায়হান মিয়া (২৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তাকেও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
