ছবির ক্যাপশন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি দর্শনা রেলবাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর অনিক, শিক্ষার্থী মুরসালিন আপনসহ অন্যান্য শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে আমাদের আবার রাস্তায় নামতে হওয়া জাতির জন্য লজ্জাজনক। তার চেয়েও বেশি উদ্বেগজনক হলো- এই হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া আমরা আশা করিনি। তারা আরও বলেন, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু এভাবে হামলা চালিয়ে আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা চাই দ্রুত ওসমান হাদীর হত্যার বিচার হোক।
বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষা করা হবে। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তন্ময় তৌহিদ, শান্ত, আকাশ, কাফি, নাজমুল, সিজান, রাতুল, অনিক, তালহা, জুবায়ের, রাকিবসহ আরও অনেকে।
