আলমডাঙ্গার হাড়োকান্দিতে নির্বাচনী সমাবেশে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান

বিএনপি ক্ষমতার নয়, অধিকার ও ন্যায়ের রাজনীতি করে

আপলোড তারিখঃ 2026-02-06 ইং
আলমডাঙ্গার হাড়োকান্দিতে নির্বাচনী সমাবেশে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হাড়োকান্দী ঈদগাহ মাঠে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক উপ-সচিব ও জনতা ব্যাংকের পরিচালক ডা. আব্দুস সবুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ দেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত তার ভোটের অধিকার থেকে। দিনের ভোট রাতে হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেনি। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, অধিকার ও ন্যায়ের রাজনীতি করে। আমরা এমন একটি বাংলাদেশ চাই- যেখানে কথা বললে ভয় থাকবে না, ভোট দিতে গেলে বাধা থাকবে না।’


তিনি আরও বলেন, ‘আলমডাঙ্গা, আইলহাস, চুয়াডাঙ্গার মানুষ বহুবার আশ্বাস শুনেছে, কিন্তু উন্নয়নের নামে লুটপাট ছাড়া কিছু পায়নি। কৃষক তার ন্যায্য দাম পায়নি, যুবক চাকরি পায়নি, মা-বোনেরা নিরাপত্তা পায়নি। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে এই এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ ও তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি এমপি হতে চাই নিজের জন্য নয়, আপনাদের কণ্ঠস্বর হতে। সংসদে গিয়ে চুয়াডাঙ্গার মানুষের কথা বলব, এখানকার সমস্যা তুলে ধরবো। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো এলাকা এগোতে পারে না- এই তিনটি খাতে আলমডাঙ্গাকে অগ্রাধিকার দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমি কথা দিচ্ছি- কোনো অন্যায়, কোনো বৈষম্যের সঙ্গে আপস করবো না। এই লড়াই ব্যক্তির নয়, এই লড়াই গণতন্ত্র ফিরিয়ে আনার।’


সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আইলহাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আজিজ আহমেদ সুজন, হানিফ মেম্বার, সাইফুল মেম্বার, আনারুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)