ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদজুমা গ্রামে বিএনপির নারী কর্মীদের গঠনমূলক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে মহিলা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেবেন। দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, কুতুবপুর ইউনিয়ন নির্বাচন কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাবেক সহ-সাধারণ সম্পাদক মনসুর মালিতা, জেলা ছাত্রদলের সহসভাপতি আশিক আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, হাসিবুল রহমান হাসি, চুয়াডাঙ্গা সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রহিম হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুতুবপুর ইউনিয়ন মহিলা বিএনপির সভাপতি মালেক খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা নেতা-কর্মী বৈঠকে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান অনিক। বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিশেষ করে মহিলা কর্মীদের সক্রিয় অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে। বৈঠক শেষে উপস্থিত নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় বৈঠক শেষে। গ্রামের এক মা এগিয়ে এসে তাঁর বহুদিনের কষ্টে জমানো মাটির ব্যাংকের অর্থ ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের হাতে তুলে দেন। উপস্থিত মানুষদের চোখে তখন আবেগ, মুখে স্লোগান- এই দৃশ্য যেন প্রতীক হয়ে ওঠে সাধারণ মানুষের বিশ্বাস ও ভালোবাসার।
