ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দরিয়াপুর গ্রাম থেকে একটি ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার সকালে ইউনিয়নের কদমতলা রোড সংলগ্ন একটি ড্রেন থেকে বস্তুটি উদ্ধার করা হয়। লাল ও কালো স্কসটেপে মোড়ানো এই বস্তুটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরিয়াপুর গ্রামের কদমতলা রোডের বাসিন্দা আকামত আলীর ছেলে মো. আল আমীনের বসতবাড়ির দক্ষিণ পাশে ড্রেনের মধ্যে একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তুটির গায়ে লাল স্কসটেপ এবং তিনটি অংশ পৃথকভাবে কালো স্কসটেপ দিয়ে প্যাঁচানো ছিল। এছাড়া এর সাথে তিনমুখী তার সংযুক্ত থাকায় এলাকাবাসীর মনে এটি একটি ‘শক্তিশালী বোমা’ হিসেবে ধারণা তৈরি হয়।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উপস্থিত সাক্ষীদের সামনে অত্যন্ত সতর্কতার সাথে পুলিশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। মুজিবনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার পাল জানান, সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এটি আসলে কী বা কতটা শক্তিশালী, তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এটি জনবহুল এলাকার ড্রেনে ফেলে গেছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
