চুয়াডাঙ্গায় ৯ম পে-স্কেলের দাবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিক্ষোভ

প্রজ্ঞাপন না হলে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচির ঘোষণা

আপলোড তারিখঃ 2026-02-04 ইং
চুয়াডাঙ্গায় ৯ম পে-স্কেলের দাবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিক্ষোভ ছবির ক্যাপশন:

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গত মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।


কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় কর্মচারীরা প্ল্যাকার্ড হাতে তাদের দাবি তুলে ধরেন এবং ‘ভাত দে কাপড় দে, নইলে মোদের কবর দে’, ‘আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন’- এমন নানা স্লোগান দেন।


সমাবেশে বক্তব্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন বলেন, সরকার পে-স্কেল নিয়ে টালবাহানা করছে। দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে আগামী ৬ তারিখের মধ্যে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।


চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মাসুদ রানা বলেন, নতুন বাংলাদেশে এসে কেন আমরা বৈষম্যের শিকার হব- এই প্রশ্ন আজ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের। ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন, সদস্য হামিদুর রহমান, ওসমান গনি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী হাসান আহমেদ, জজ কোর্টের নজির ওসমান গনি, এলজিইডির উচ্চমান সহকারী আমিরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)