ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় ১৯ দশমিক ৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত রয়েছে। গতকাল বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্গত সাতটি উপজেলায় অবস্থিত মোট ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিজিবি মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সাতটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব বেইজ ক্যাম্প থেকে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, তফসিল ঘোষণার পর থেকেই বেইজ ক্যাম্প কার্যক্রম, নিয়মিত টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সার্বক্ষণিক টহল, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে বলে জানানো হয়। বিজিবির মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর আশা প্রকাশ করেছে যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
