ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার গণমাধ্যমকর্মীদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজের অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আজ বৃহস্পতিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এছাড়া রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেবেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।
গতকাল ট্রেনিং কো-অর্ডিনেটর সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম ও সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু।
এছাড়াও চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, মেহেরপুর প্রেসক্লাব, মেহেরপুর জেলা প্রেসক্লাব ও মেহেরপুর রিপোর্টার্স ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে নাজমুল হক স্বপন বলেন, নির্বাচনকালীন সময় নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা একযোগে কাজ করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পারবে।
কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকদের করণীয়, নির্বাচনী আচরণবিধি, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য পরিহার, রাজনৈতিক দলের সমান গুরুত্ব প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দায়িত্বশীল প্রতিবেদন প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রক্রিয়া, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি, আরপিও সংশোধনসহ বিভিন্ন আইনগত বিষয় তুলে ধরা হয়।
প্রথম দিনে ইউল্যাবের শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামি প্রশিক্ষক হিসেবে অংশ নেন। প্রশিক্ষণের প্রথম দিনে পিআইবির প্রশিক্ষকরা নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। এতে নির্বাচনের সংবাদ পরিবেশনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত ধারণা, নির্বাচন প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া প্রশিক্ষণে ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, হেট স্পিচ, গুজব ও প্রোপাগান্ডা শনাক্ত ও প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
