ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিতুদহ ও বেগমপুরে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৮পর্যন্ত দুই ইউনিয়নের একাধিক স্থানে পথসভা ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন তিনি।
তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর, আড়িয়ার চক ও তিতুদহ বাগান পাড়াতে গণসংযোগ শেষে তিতুদহ বাজারে সংক্ষিত সমাবেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে হবে। কেউ ভোট কেন্দ্রে যেতে বাধা দিলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। কোনো অবস্থায় আইন হাতে তুলে নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, বিএনপি এমন প্রতিশ্রুতি দেয় না, যা বাস্তবায়ন করা অসম্ভব। আমরা বলেছি, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দিবো। আমাদের বিরোধীপক্ষ এটা নিয়ে অনেক কথা বাজারে ছড়াচ্ছে। আমি বলেছি, চুয়াডাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। সেটা নিয়েও তারা নেগেটিভ কথা বলছে, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবোই ইনশাল্লাহ।
তিতুদহ বাজারে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তিনি গোলাপনগর মোড়, বড়শলুয়া কলেজ মোড়, কাশেম ভাটা মোড়, বড়শলুয়া বসুতিপাড়া,বলদিয়া মাদ্রাসা, বেগমপুর ইউনিয়নের বিলপাড়া, হরিশপুর, আকন্দবাড়ীয়তে পথসভা ও গণসংযোগ করেন।
এসময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সহসভাপতি আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম জোয়ার্দ্দার, দর্শনা থানা কৃষকদলের সদস্যসচিব মুন্না মাস্টার, যুবদল নেতা ইলিয়াস আহমেদ পিণ্টু প্রমুখ।
এদিকে, গত মঙ্গলবার চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু দর্শনা পৌর সভার ৯টি ওয়ার্ডে পথসভা করেন। ৫ নম্বর ওয়ার্ডে পথসভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। পথসভায় বক্তব্য দেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সমন্বয়ক ইকবাল হোসেন, যুবদলের রাশেদ আহম্মেদ। এসময় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী খন্দকার শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর সমন্বয়ক ও রকারি কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ মুকুল, সমন্বয়ক প্রভাষক মশিউর রহমান, লুৎফর রহমান প্রমুখ।
