ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ডাকাত মিলন হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর মণ্ডলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন হোসেন গোপিনাথপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে একযোগে মাদকদ্রব্য উদ্ধার, চোর, ডাকাত ও চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
বুধবার রাতে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ আল মামুনের নেতৃত্বে হাপানিয়া পুলিশ ক্যাম্পের সদস্য ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর মণ্ডলপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চিহ্নিত ডাকাত মো. মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। এর মধ্যে আলমডাঙ্গা থানায় দায়ের করা দুটি মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
