ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলমডাঙ্গা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে নির্বাচনী আইন, ভোটগ্রহণ পদ্ধতি ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কর্মকর্তাদের কঠোর দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপনারা নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। দায়িত্ব পালনে কোনো ধরনের আপসের সুযোগ নেই। তিনি আরও বলেন, ভোটগ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্ব এবং এ ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
এসময় বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ মাঠে থাকবে।
প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পান্না আক্তার, সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার সেখ মাসুম বিল্লাহ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে আলমডাঙ্গায় উৎসবমুখর, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
