ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিএনপি কার্যালয়ের সামনে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের কালিতলা মোড় এলাকা থেকে সন্দেহভাজন বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিতলা মোড় সংলগ্ন হামজালের বাড়ির সামনে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। উদ্ধারকৃত স্থানটি স্থানীয় বিএনপি কার্যালয় থেকে আনুমানিক ৫০ গজ দূরে হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বস্তুটি নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানার ওসির জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি উদ্ধার করে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, কে বা কারা কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এদিকে ঘটনার পর কালিতলা মোড় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
