ছবির ক্যাপশন:
‘ক্রীড়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের সাথে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক খেলোয়াড় ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ আপনাদের সাথে এই মতবিনিময় সভার উদ্দেশ্য হলো- আমি নির্বাচিত হলে ক্রীড়াঙ্গনে কী কী করতে চাই, এই ম্যাসেজটা আপনাদের অবধি পৌঁছে দেওয়ার জন্য।’ তিনি আরও বলেন, ‘একটি ভোট হলো আমার কাছে আমানত। যার যতোটুকু যোগ্যতা আছে, যার যেখানে অবস্থান আছে, সে সেখানেই সুযোগ পাবে। আমাদের নেতা তারেক রহমানের একটি লিফলেট আপনাদের দেওয়া হয়েছে। এই লিফলেটটি সকল ক্লাবে দেওয়ার অনুরোধ থাকলো আপনাদের কাছে। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তারেক রহমান বলেছেন, খেলাকে আমরা পেশা হিসেবে নিতে চাই। জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি থেকে খেলা বাধ্যতামূলক করা হবে।
নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ, দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ, প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা, সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ, দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে।
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘মাদক ও মোবাইল থেকে আমাদের সন্তানকে দূরে রাখার একমাত্র মাধ্যম হলো এই খেলাধুলা। আগামীতে এই চুয়াডাঙ্গাতে আমরা সুন্দর একটি ক্রীড়াঙ্গন চাই। এই কাজে আপনাদের সকলের সাহায্য কামনা করছি।’
সভায় সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাহমুদুল হক লিটন, মামুন জোয়ার্দ্দার, জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সাবেক খেলোয়াড় ও মহিলা ক্রীড়া সংস্তার সাবেক সাধারণ সম্পাদক রউফুন্নাহার রীনা।
আরও বক্তব্য দেন জেলা খেলা কল্যাণ সমিতির সভাপতি মিলন বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সদস্য বিপুল হাসান হ্যাজি, জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় কদর জোয়ার্দ্দার, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় রাসেল, সাবেক ক্রিকেট খেলোয়াড় হিরালাল, মামুন মন্ডল, মিল্টন, প্রমিলা ফুটবলার সিবা, হকি খেলোয়াড় সাবিল, অ্যাথলেটিক সুজন ও ভলিবল খেলোয়াড় আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ইমদাদুল হক, রেজাউল হক রাজা, মিজানুর রহমান মানিক, শহীদ উদ্দীন, নাজমুল হক শান্তি, জাহাঙ্গীর আলম প্রমুখ।
