তিতুদহে বেড়েছে ফসলের জমিতে বন্যশুকরের তাণ্ডব

রাতদিন পাহারায় কাটছে কৃষকদের সময়

আপলোড তারিখঃ 2026-02-01 ইং
তিতুদহে বেড়েছে ফসলের জমিতে বন্যশুকরের তাণ্ডব ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের তিতুদহ, গিরিশনগর, ৬৩ নম্বর আড়িয়া ও ছোটশলুয়া এলাকার কৃষকরা বর্তমানে দুঃসময় পার করছেন। কয়েক সপ্তাহ ধরে এসব এলাকার ফসলি জমিতে বন্যশুকরের আক্রমণ বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ কৃষকরা। কৃষকদের অভিযোগ, রাতের অন্ধকারে দল বেঁধে মাঠে নেমে আসছে বন্যশুকরের পাল। তারা আলু, মটরশুঁটি, ভুট্টা, ধানসহ নানা ফসল নষ্ট করছে। এতে একদিকে কৃষকের শ্রম নষ্ট হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতিও বাড়ছে হু হু করে।


৬৩ নম্বর আড়িয়া গ্রামের কৃষক দেলওয়ার হোসেন জানান, রাতে ফসলের জমিতে পাহারা না দিলে পুরো খেত নষ্ট করে দেয় বন্যশুকর। আমরা এখন পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছি। স্থানীয়রা বলছেন, আগে এভাবে বন্যশুকরের উৎপাত ছিল না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পার্শ্ববর্তী ঝোপঝাড় ও বনাঞ্চলে আশ্রয় নেওয়া এসব প্রাণী খাদ্যের সন্ধানে গ্রামাঞ্চলের ফসলি জমিতে ঢুকে পড়ছে।


তিতুদহ ইউনিয়নের পরিবেশ কর্মী আহসান হাবীব শিপলু জানান, বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে। তিনি বলেন, কৃষকদের ক্ষতি যেন কম হয়, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, কৃষকরা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন- বন্যশুকরের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাহলে এই মৌসুমের ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)