ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও মাদক উদ্ধার করেছে। এসময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. সাদ্দাম হোসেনের ভুট্টাক্ষেত থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার শিশির কুমার হালদার।
এদিকে, গতকাল শুক্রবার সকালে সাড়ে ৭টায় গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের নির্দেশনায় উথলী বিওপি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/১-এস থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের পাকা রাস্তা থেকে ৫০৩ বোতল ভারতীয় ফেয়ারডাইল ম্যালিয়েট সিরাপ (মাদক) উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. ইছাববর আলী।
একই দিন সকাল ৭টা ৪০ মিনিটে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলকালে সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে খোসালপুর গ্রামের তানভিরের বাঁশবাগান এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন বাংলাদেশি নারীকে আটক করা হয়। টহলে নেতৃত্ব দেন হাবিলদার মো. জিনারুল ইসলাম। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
