ছবির ক্যাপশন:
সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ভোটের জন্য ধর্মকে ব্যবহার করছে এবং শিরকি কথাবার্তা বলছে। গতকাল শুক্রবার শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি দল ভোট পেতে জান্নাতের টিকিট দেওয়ার মতো কথা বলছে। এটি নির্বাচনী আচরণবিধি ও আইনের স্পষ্ট লঙ্ঘন।
তিনি অভিযোগ করেন, ওই দলের নারী কর্মীরা কোরআন শরিফ হাতে নিয়ে তালিমের নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন এবং ভোট দিলে জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচন না হওয়ার সব আশঙ্কা কেটে গেছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।’
এর আগে উপজেলা মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন তিনি। পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
