ছবির ক্যাপশন:
পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছেন চুয়াডাঙ্গার সন্তান নাফিজ সাদিক সিফাত। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেশ সেরা ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন ভর্তির সুযোগ। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি ইউনিটে’ প্রথম স্থান অধিকার করেন এই মেধাবী তরুণ। এছাড়াও কুয়েটে ৪র্থ, রুয়েটে ৫ম, বুটেক্সে ৩য়, বুয়েটে ৩৯তম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটে’ ৪৫তম ও মাগুরা মেডিকেল কলেজে ৪৭২৭তম স্থান অর্জন করেন।
নাফিজ সাদিক সিফাত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মাঝহাদ গ্রামের রবিউল হাসান ও নাহিদ আরফিন দম্পতির সন্তান। নাফিজ চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি ও ২০২৫ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।
নাফিজ সাদিক জানান, ‘আমি এইচএসসির শুরু থেকেই থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি শুরু করেছি। আমার ইচ্ছা ছিল বুয়েটে ইইই নিয়ে পড়ার। আল্লাহর রহমতে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার এই সাফল্যের পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি।’ নাফিজের বাবা রবিউল হাসান বলেন, ‘আমার ছেলের চেষ্টার ফল তার আজকের এই সাফল্য। ওর কঠোর পরিশ্রম আজ ওর আর আমাদের ইচ্ছা পূরণ করেছে।’
