ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষিজমিতে পুকুর কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রির দায়ে দুজনকে জরিমানা ও দুজনকে কারদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার সাতকপাট সংলগ্ন মাঠ এবং বুধবার রাতে ডাউকি ইউনিয়নের যমুনার মাঠ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুজনের কাছ থেকে জরিমানা হিসেবে মোট দেড় লাখ টাকা আদায় করা হয়েছে এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় একটি অসাধু মাটি ব্যবসায়ী চক্র কৃষিজমির উর্বর টপসয়েল কেটে দিন ও রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যমে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার সাতকপাট সংলগ্ন বেলগাছির মাঠে সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর কেটে মাটি ইটভাটায় বিক্রির দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ও ৫(২) ধারায় রোয়াকুলি গ্রামের ইসলাম হোসেনের ছেলে রাসেদকে ১ লাখ টাকা জরিমানা, টেংরামারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সঠিক আলীকে ১ লাখ টাকা জরিমানা (অনাদায়ে ১ মাসের কারাদণ্ড), বন্ডবিল গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে হাসান আলীকে ১ লাখ টাকা জরিমানা (অনাদায়ে ১ মাসের কারাদণ্ড) ঘোষণা করা হয়। এদের মধ্যে রাসেদ তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান, অপর দুইজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, বুধবার রাতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একই ম্যাজিস্ট্রেট ডাউকি ইউনিয়নের যমুনার পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাউকি গ্রামের মোশারেফ হোসেনের ছেলে তপনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ও ৫(২) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, একটি অসাধু চক্র দিন ও রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছে। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
