ছবির ক্যাপশন:
হাটবোয়ালিয়ার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গার নগর বোয়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে মেজর বজলুল হুদার কবর জিয়ারত করেন সিআইপি সাহিদুজ্জামান টরিক। এসময় তিনি শহীদের রুহের মাগফিরাত কামনা করে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারত শেষে মেজর বজলুল হুদার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পাঠে অংশগ্রহণ করেন পাঁচ কমলাপুর মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা।
দোয়া ও মোনাজাত চলাকালে সিআইপি সাহিদুজ্জামান টরিক আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন থেকেই মেজর বজলুল হুদার সঙ্গে আমার পরিচয়। তিনি আমাকে নানার মতো স্নেহ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে তাঁর সঙ্গে কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘মেজর বজলুল হুদা ছিলেন একজন অত্যন্ত বিচক্ষণ, প্রজ্ঞাবান ও জ্ঞানী মানুষ। তাঁর মতো ব্যক্তিত্ব এই বাংলাদেশে বিরল- তাঁর তুলনা হয় না কারও সঙ্গে। ছাত্রজীবনে তিনি আমাকে অর্থনৈতিকভাবেও অনেক সহযোগিতা করেছেন।’ সিআইপি সাহিদুজ্জামান টরিক বলেন, ‘পরবর্তীতে আমি সিঙ্গাপুরে চলে যাওয়ার পরও আমাদের যোগাযোগ ছিল। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠিত হলে তিনি ব্যাংককে পুলিশের হাতে গ্রেপ্তার হন। তখন জেলখানা থেকে তিনি আমার কাছে সিঙ্গাপুরে দুটি দীর্ঘ চিঠি পাঠিয়েছিলেন।’
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, ‘সে সময় আমি আর্থিকভাবে স্বাবলম্বী না থাকায় ব্যাংককে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারিনি। আজ আল্লাহ আমাকে সব দিয়েছেন, কিন্তু যাঁর সঙ্গে আমার গভীর ও মধুর সম্পর্ক ছিল, সেই মানুষটিকে আমি হারিয়ে ফেলেছি। এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।’ তিনি বলেন, ‘২৮ জানুয়ারি মেজর বজলুল হুদার শাহাদতবার্ষিকীর খবর শোনামাত্রই নিজেকে আর ধরে রাখতে পারিনি। তাই ছুটে এসেছি হাটবোয়ালিয়ায়, তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে। শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন শহীদ মেজর বজলুল হুদাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।’
এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, বিএনপি নেতা শাহিন হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
