ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে মেজর বজলুল হুদার ১৬তম ‘শাহাদতবার্ষিকী’ পালিত হয়েছে। গতকাল বুধবার তাঁর পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে তার ‘শাহাদতবার্ষিকী’ পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কবর জিয়ারত, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ফজরের নামাজের পর নগর বোয়ালিয়া ও হাটবোয়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে মেজর বজলুল হুদার কবরে তাঁর স্বজন ও এলাকাবাসী সমবেত হয়ে কবর জিয়ারত ও বিশেষ দোয়া করেন। পরে সকাল ১০টায় হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রহসনের বিচারের মাধ্যমে ২০১০ সালের ২৮ জানুয়ারি মেজর হুদাসহ কর্নেল ফারুক, কর্নেল শাহরিয়ার ও কর্নেল এ কে মহিউদ্দীনকে ফাঁসির মাধ্যমে হত্যা করে। তবে মেজর হুদার লাশ দেখে স্পষ্ট বোঝা যায়, তাঁকে জবাই করে হত্যা করা হয়েছিল। আমরা এই হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনার বিচার চাই।’
এরপর মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ হাসান সালিম। আসরের নামাজের পর হাটবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ লোকমান হোসাইন।
