চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিন প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-01-29 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অবৈধ সার ও শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কুলচারা ও বড় বাজার (নিচের বাজার) এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার, বীজসহ বিভিন্ন পণ্যের মান ও বৈধতা যাচাই করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় কুলচারা এলাকার মকবুল হোসেনের মালিকানাধীন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া অবৈধভাবে সার বিক্রি এবং প্রয়োজনীয় ভাউচার সংরক্ষণ না করায় একই আইনের ৪৫ ধারায় আনোয়ার হোসেনের মালিকানাধীন মেসার্স সাকিব ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, অবৈধ শিশু খাদ্য বিক্রির দায়ে ৩৭ ও ৪৫ ধারায় বড় বাজার (নিচের বাজার) এলাকার নাজমুল হকের মেসার্স আক্কাস স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত দামে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, বীজ ও ওষুধ বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)