আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নে মহিলা সমাবেশে সিআইপি সাহিদুজ্জামান টরিক

আধুনিক জেলা গড়তে ধানের শীষকে বিজয়ী করতে হবে

আপলোড তারিখঃ 2026-01-29 ইং
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নে মহিলা সমাবেশে সিআইপি সাহিদুজ্জামান টরিক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গাকে আর ৬৪ নম্বরে দেখতে চাই না, ‘এই চুয়াডাঙ্গাকে আধুনিক জেলা হিসেবে গড়তে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে এ জেলা থেকে অবহেলিত শব্দটি রিমুভ হয়ে উন্নত জেলায় পরিণত করা হবে, ইনশাআল্লাহ।’ গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশে এসব কথা বলেছেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের বড় ভাই সিআইপি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। বাড়াদী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে কয়েক হাজার নারী অংশগ্রহণ করে সাহিদুজ্জামান টরিকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।


প্রধান অতিথির বক্তব্যে সিআইপি সাহিদুজ্জামান টরিক বলেন, ‘আমি, আমার ছোট ভাই শরীফ কিংবা আমার পরিবার অর্থাৎ আমরা কেউ চুয়াডাঙ্গা থেকে কিছু নিতে আসিনি, আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন, তাই আমরা চুয়াডাঙ্গাবাসীকে দিতে এসেছি।’ তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাকে  উন্নয়নের শিখরে নিতে হলে, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং তাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তবেই এ দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে, ইনশাআল্লাহ।’


নারীদের কর্মসংস্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় নারীদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। আপনারা যদি আমার ভাই শরীফুজ্জামানকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বেকার নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।’


মা-বোনদের উদ্দেশে সাহিদুজ্জামান টরিক বলেন, ‘আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, তবে কারও কথায় বিভ্রান্ত হবেন না। অনেকে ধর্মকে ব্যবহার করে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ সমাবেশে সভাপতিত্ব করেন বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্যসচিব তোবারক হোসেন। এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা মোহাম্মদ উজ্জ্বল হোসেন।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাসুদ পারভেজ, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত আরা সুলতানা প্রমুখ। এছাড়া চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী নেতা-কর্মী ও সাধারণ নারী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশটি সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)